ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী ব্রুনো আভেলারকে হারিয়ে শোকের সাগরে ডুবেছেন তিনি। সান্তা কাতারিনা রাজ্যে হেলিকপ্টার দুর্ঘটনায় ৪১ বছর বয়সী আভেলারসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা দিয়েছেন নেইমার।

সোমবার পোর্তো বেলো থেকে সাও জোয়াকিমের উদ্দেশ্যে উড্ডয়নের পর হেলিকপ্টারটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ২৪ ঘণ্টা ধরে চলা অনুসন্ধানের পর মঙ্গলবার উরুবিসি এলাকায় এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় উদ্ধারকারী দলের পক্ষ থেকে। তবে হেলিকপ্টারে থাকা পাঁচজনের কেউই বেঁচে ছিলেন না। এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে অন্যতম ছিলেন ব্রাজিলের জনপ্রিয় সংগীতশিল্পী রিক সোল্লো এবং ভিডিও নির্মাতা পাওলো সোয়ারেস।

নেইমারের জন্য আভেলার শুধু একজন বন্ধুই ছিলেন না, বরং তার পরিবারের সঙ্গেও তাঁর ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। নেইমার জুনিয়র ইনস্টিটিউটের বিভিন্ন আয়োজন ও নিলামের কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়াও নেইমারের ব্রাজিলে ফেরা এবং সান্তোস ক্লাবে প্রত্যাবর্তনের সময়ও আভেলার অগ্রণী ভূমিকা পালন করেন।

বন্ধুকে স্মরণ করে ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমার লিখেছেন, “যখন আমি ব্রাজিলে ফিরতে পেরেছিলাম, তুমি আমাকে অনেক সাহায্য করেছিলে... ধন্যবাদ। শান্তিতে ঘুমাও।” এই বার্তার সাথে তিনি আভেলারের একটি পুরোনো ভিডিওও শেয়ার করেন।

আভেলারের মৃত্যুতে শোক জানিয়েছে নেইমারের নিজস্ব ক্লাব সান্তোসও। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ক্লাবটির বিভিন্ন প্রকল্পের সঙ্গে আভেলারের বাণিজ্যিক সম্পর্ক ছিল।