দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ মাঠটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিতে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় বাসিন্দারা। মাঠটি ব্যবহারের দাবিতে তারা মানববন্ধন এবং রেলপথে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রায় এক বছর ধরে এই মাঠটিতে খেলাধুলাসহ যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ‘বড় মাঠ রক্ষা কমিটি’র ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এই আন্দোলনে জেলার বিভিন্ন বয়সী খেলোয়াড়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার প্রায় এক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলামের সঞ্চালনায় এই মানববন্ধনের সভাপতিত্ব করেন বড় মাঠ রক্ষা কমিটির নেতা গোলাম নবী দুলাল। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন, জেলা বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান ও আকতারুজ্জামান জুয়েল, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মেহেরুল ইসলাম, অবসরপ্রাপ্ত চিকিৎসক মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য স্বাধীন সরকারসহ আরও অনেকে।

আন্দোলনকারীরা হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে মাঠ উন্মুক্ত করার দাবিতে জোরালো স্লোগান দেন। তাদের ব্যানারে লেখা ছিল, ‘ধর্ম, খেলাধুলা, সংস্কৃতি ও ঐতিহ্যে ভরপুর গোর-এ-শহীদ বড় মাঠ দিনাজপুরবাসীকে ফিরিয়ে দাও’, ‘এই মাঠ খেলাধুলা ও সবার জন্য উন্মুক্ত চাই’, ‘আমি কিশোর, আমি বড় মাঠে খেলতে চাই’ এবং ‘ক্রিকেট খেলার মাঠ অবিলম্বে অবমুক্ত করতে হবে’। প্রায় এক ঘণ্টা ধরে মানববন্ধন কর্মসূচি পালনের পর আন্দোলনকারীরা দিনাজপুর পৌরসভার পাশের রেললাইনে অবস্থান নেন।

মানববন্ধনে বক্তারা গোর-এ-শহীদ বড় মাঠের বহুমুখী গুরুত্বের কথা তুলে ধরেন। তাঁরা জানান, এই মাঠে ঈদের জামাত থেকে শুরু করে বিভিন্ন উৎসব-অনুষ্ঠান, খেলাধুলা, বাণিজ্য মেলা, বিজ্ঞান মেলা, রাজনৈতিক সভা-সমাবেশ ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া ডায়াবেটিসের রোগীসহ সাধারণ মানুষ প্রতিদিন হাঁটাচলা ও নির্মল বিনোদনের জন্য এই মাঠটি ব্যবহার করে থাকেন। দিনাজপুরবাসীর কাছে এই মাঠটি কেবল একটি খেলার জায়গা নয়, বরং এটি শহরের সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহ্যিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।

বড় মাঠ রক্ষা কমিটির নেতা রেহাতুল ইসলাম বলেন, শত বছরের ঐতিহ্যের সাক্ষী এই মাঠ ক্রীড়া, সংস্কৃতি ও ইতিহাসের মেলবন্ধন। মাঠের মালিকানা যারই থাকুক, কোনোভাবেই এখানে খেলাধুলা বন্ধ করা উচিত নয়।

দিনাজপুর জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় জাকারিয়া বলেন, ‘জাতীয় পর্যায়ের খেলোয়াড়েরাও এই মাঠে অনুশীলন করতেন। এখন খেলাধুলা বন্ধ। আমরা বলেছি, মাঠের মালিকানা নিয়ে আপনারা নিজেদের মতো সিদ্ধান্ত নিন। কিন্তু মাঠে প্রবেশ নিষিদ্ধ করা কোনোভাবেই দিনাজপুরবাসী মেনে নেবে না।’

বক্তাদের অভিযোগ, প্রায় এক বছর ধরে মাঠটিতে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। মাঠটি উন্মুক্ত করার দাবিতে বিভিন্ন সময়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত মাঠটি উন্মুক্ত করা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এই বিষয়ে মুক্তকণ্ঠকে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দিনাজপুর গোর-এ-শহীদ মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্প করেছিল। নির্বাচন–পরবর্তী সময়ে স্থানীয় লোকজন আগের ন্যায় মাঠ ব্যবহারের দাবিতে মানববন্ধন করে। আজকেও স্থানীয়রা কর্মসূচি পালন করেছে বলে জানতে পেরেছি। তবে আজকে কোনো স্মারকলিপি দেয়নি। বিগত সময়ে স্মারকলিপি দিয়েছিল। সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’