চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বা মার্কশিট বিতরণ প্রক্রিয়া নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা।
বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই নির্দেশনাটি প্রকাশ করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এই অফিস আদেশে নম্বরপত্র সংগ্রহের বিস্তারিত সময়সূচী ও নিয়মাবলি উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল নম্বরপত্র নির্ধারিত তারিখ অনুযায়ী বোর্ডের সনদ শাখা থেকে সংগ্রহ করতে হবে। আগামী ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বোর্ডের ৪নং ভবনের ৫ম তলা থেকে এই নম্বরপত্রগুলো বিতরণ করা হবে।
জেলাভিত্তিক নম্বরপত্র সংগ্রহের সময়সূচী নিম্নরূপ: আগামী ৩ নভেম্বর মুন্সিগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার নম্বরপত্র বিতরণ করা হবে। ৪ নভেম্বর শরীয়তপুর ও মানিকগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের মার্কশিট পাওয়া যাবে। ৫ নভেম্বর গাজীপুর ও রাজবাড়ী জেলার জন্য বরাদ্দ করা হয়েছে। ৮ নভেম্বর নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের নম্বরপত্র বিতরণ করা হবে। ৯ নভেম্বর নরসিংদী, ঢাকা জেলা এবং গোপালগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের নম্বরপত্র সংগ্রহ করা যাবে। সবশেষে ১০ নভেম্বর কিশোরগঞ্জ ও ঢাকা মহানগর জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের নম্বরপত্র বিতরণ করা হবে।
প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের উদ্দেশ্যে শিক্ষা বোর্ডের অফিস আদেশে আরও স্পষ্ট করা হয়েছে যে, মূল নম্বরপত্র সংগ্রহের জন্য বিভাগওয়ারী কতজন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে তার বিস্তারিত বিবরণ দাখিল করতে হবে। নম্বরপত্র সংগ্রহের জন্য প্রধান শিক্ষক নিজে অথবা দায়িত্বশীল কোনো প্রতিনিধিকে প্রাধিকারপত্র দিয়ে পাঠাতে হবে, যেখানে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িত থাকা বাধ্যতামূলক।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা অধ্যক্ষের ক্ষেত্রে বিশেষ শর্ত যুক্ত করা হয়েছে। নিজের বা প্রেরিত প্রতিনিধির মাধ্যমে নম্বরপত্র সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডির সিদ্ধান্তের অনুলিপি জমা দিতে হবে। এছাড়া নম্বরপত্র গ্রহণের আবেদনের ওপর ম্যানেজিং কমিটির সভাপতি, গভর্নিং বডির চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই থাকতে হবে। এই শর্তাবলি পূরণ না হলে শিক্ষা বোর্ড থেকে মূল নম্বরপত্র প্রদান করা হবে না।