২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের নির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচী অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এর আগে জানানো হয়েছিল যে, ২৯ অক্টোবর ফলাফল প্রকাশ করা হবে।
এর আগে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মুক্তকণ্ঠকে জানিয়েছিলেন, “এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে।”
চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। নিয়ম অনুযায়ী ৮ আগস্ট সব পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা কয়েকটি কেন্দ্রের পরীক্ষা স্থগিত করতে হয়। পরবর্তীতে সেই স্থগিত হওয়া পরীক্ষাগুলো সম্পন্ন করা হয়। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।