ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকারের কথা বলে ক্ষোভ প্রকাশ করা নারী ব্যবসায়ী সাথী আক্তার (৩০) আদালতের মাধ্যমে জামিন পেয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত তাঁকে নিজ জিম্মায় জামিন প্রদান করেন।

ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুরে তিনি মুক্তকণ্ঠকে জানান, আজ সাথী আক্তারকে আদালতে হাজির করার নির্ধারিত তারিখ ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে আদালতে আনা হয়। তাঁর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ। শুনানি শেষে আদালত তাঁকে ৫০০ টাকার মুচলেকায় জামিন দেন। দুপুরেই তাঁকে আদালতের হাজতখানা থেকে মুক্তি দেওয়ার কথা জানানো হয়।

ঘটনার সূত্রপাত হয় গত রোববার বেলা দুইটার দিকে। ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে সাথী আক্তার দুটি লাইভ ভিডিও প্রচার করেন। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের এই ভিডিও দুটিতে তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ওই ভিডিওর একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, “বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।”

এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে সাথীর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করেন এবং তাঁর বিচার দাবি করেন। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই দিন রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। পরবর্তীতে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর কন্যা।