ময়মনসিংহের ভালুকায় নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে গিয়ে রাজনৈতিক সমালোচনা করায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে সাথী আক্তার নামের এক নারী উদ্যোক্তাকে। ফেসবুক লাইভে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিএনপিকে ভোট দেওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি। তার এই বক্তব্যের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে ভালুকা মডেল থানা পুলিশ উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে তাকে হেফাজতে নেয়। জানা গেছে, সাথী আক্তার ওই এলাকার ‘সাথী বিউটি পার্লার’ নামক একটি প্রতিষ্ঠানের মালিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচারে আসেন সাথী আক্তার। লাইভে তিনি তার প্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনা ঘটার কারণে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।
সাথী আক্তারের অভিযোগ, সম্প্রতি তার দুটি শোরুম এবং আশপাশের কয়েকটি দোকান থেকে বৈদ্যুতিক তার ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এমনকি তার ব্যক্তিগত বাসা থেকেও মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে বলে তিনি দাবি করেন।
বারবার চুরির ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জানিয়ে সাথী আক্তার বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তিনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। এই সময়ে তিনি তার ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। ভোট দেওয়ার প্রসঙ্গ টেনে আক্ষেপ করে বলেন, ‘কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম।
তার ওই বক্তব্যে বিএনপি ও দলটির নেতাকর্মীদের সমালোচনা উঠে আসে। ফেসবুক লাইভটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং এলাকাবাসীর একটি অংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। রাতে স্থানীয় লোকজন ও রাজনৈতিক কর্মীরা তার পার্লারে গিয়ে বক্তব্যের বিষয়ে কৈফিয়ত চান, যার ফলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পার্লারে ভাঙচুর বা বড় ধরনের হামলার আশঙ্কা করে স্থানীয়রা দ্রুত থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে থানায় নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পার্লারে হামলার আশঙ্কার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই নারীকে থানায় নেওয়া হয়। ফেসবুক লাইভে তার বক্তব্য ও রাজনৈতিক সমালোচনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়ে থাকতে পারে।
ওসি আরও জানান, উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে সাথী আক্তারকে হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।