ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি ইনজিমামুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মুফতি মাহমুদ হাসান। এর আগে এই সংগঠনের সদস্যসচিব পদ থেকে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্র গ্রহণ করেছে কেন্দ্রীয় কমিটি।
গত মঙ্গলবার সংগঠনের এক জরুরি কেন্দ্রীয় সাধারণ সভার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।
সংগঠনের পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে যে, সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামত গ্রহণ এবং ভোটের প্রক্রিয়ার মাধ্যমে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয় এবং তাঁর পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপর সদস্যদের সর্বোচ্চ ভোটের মাধ্যমে মুফতি ইনজিমামুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্যসচিব এবং মুফতি মাহমুদ হাসানকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত সদস্যসচিব মুফতি ইনজিমামুল ইসলাম বর্তমানে রাহবার অ্যাডভাইজরির শরিয়াহ মজলিশের চেয়ারম্যান হিসেবে কর্মরত এবং রাজধানীর বাইতুর রশিদ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গওহরডাঙ্গা মাদরাসা থেকে দাওরায়ে হাদিস এবং জামিয়া রহিমিয়া আরাবিয়া মাদরাসা থেকে ইফতা সম্পন্ন করেছেন।
অন্যদিকে, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান যাত্রাবাড়ীর জামিয়া মুহিউস সুন্নাহ মাদরাসায় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি ইসলামিক স্কলারস একাডেমির পরিচালক হিসেবে কর্মরত। তিনি ২০০৮ সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস এবং পরবর্তীতে জামিয়াতুল আসআদ থেকে ইফতা সম্পন্ন করেন।
উক্ত সভায় আলেম সমাজের ন্যায্য অধিকার, সামাজিক মর্যাদা এবং মূলধারার রাজনীতিতে তাঁদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে সংগঠনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বর্তমানে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।