ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সভায়। একই সভায় মুফতি ইনজিমামুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং মুফতি মাহমুদ হাসানকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) একটি জরুরি কেন্দ্রীয় সাধারণ সভার আয়োজন করা হয়, যেখানে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।

সভার কার্যক্রমে সদস্যদের মতামত গ্রহণ এবং ভোটগ্রহণের পর মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্র গৃহীত হয় এবং সদস্যসচিব পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপর উপস্থিত সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে মুফতি ইনজিমামুল ইসলাম ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে নির্বাচিত হন। অন্যদিকে, মুফতি মাহমুদ হাসান নির্বাচিত হন ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে।

নবনির্বাচিত ভারপ্রাপ্ত সদস্য সচিব মুফতি ইনজিমামুল ইসলাম বর্তমানে রাহবার অ্যাডভাইজরির শরিয়াহ মজলিশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি রাজধানীর বাইতুর রশিদ জামে মসজিদের খতিব। শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে জানা যায়, তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম, গওহরডাঙ্গা মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন। পরবর্তীতে জামিয়া রহিমিয়া আরাবিয়া মাদরাসা থেকে উচ্চতর ইসলামী আইনশাস্ত্রে ইফতা সম্পন্ন করেন তিনি।

ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান বর্তমানে জামিয়া মুহিউস সুন্নাহ, যাত্রাবাড়ী মাদরাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি ইসলামিক স্কলার্স একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৮ সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং পরবর্তীতে জামিয়াতুল আসআদ থেকে উচ্চতর ইসলামী আইনশাস্ত্রে ইফতা সম্পন্ন করেন।

সাধারণ সভায় আলেমসমাজের ন্যায্য অধিকার, মর্যাদা এবং মূলধারার রাজনীতিতে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে সংগঠনের বর্তমান অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। সভায় এই প্রত্যয় ব্যক্ত করা হয় যে, ন্যায্য অধিকার ও প্রাপ্য মর্যাদা আদায়ে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স (এনইউএ) সবসময় নীতিগত অবস্থানে অটল থাকবে।

এছাড়া সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য যে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বর্তমানে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।