কুমিল্লায় দইয়ে কৃত্রিম রং ব্যবহারের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার দেখাতে না পারার অভিযোগে তিনটি ফলের দোকানকেও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরীর রাজগঞ্জের ফলের দোকান ও দেশালীপট্টি এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়, যেখানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান সূত্রে জানা গেছে, দই, ফল, মিষ্টি, ডিম ও চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকির অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এই তদারকির সময় দইয়ে রং ব্যবহারের প্রমাণ পাওয়ায় 'নন্দগুরু দধি ভান্ডার' নামক প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি, মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার দেখাতে ব্যর্থ হওয়ায় নজরুলের ফল বিতান, ছুট্র মিয়ার ফলের দোকান ও শাহ আলমের ফলের দোকান—এই তিনটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, নন্দগুরু দধি ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় এবং বাকি তিনটি প্রতিষ্ঠানকে ৩৮ ধারায় জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, “বাজারে পণ্যের মান নিশ্চিত করা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।”