চুয়াডাঙ্গায় অবৈধ ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যসামগ্রী তৈরি এবং সংরক্ষণের দায়ে ‘ঢাকা বিরিয়ানি হাউজ’ নামক একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়ক এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, “দুপুরে সদর হাসপাতাল সড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাঁচা ও রান্না করা মাংস খোলা অবস্থায় ফ্রিজে সংরক্ষণ এবং বিক্রির জন্য বাসি খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।” তিনি আরও জানান, এসব গুরুতর অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ঢাকা বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উক্ত অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি বিশেষ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।