ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদ্রাসাগুলোর কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষার ফরম পূরণ ফি প্রতি পত্রে ১০০ টাকা কমানো হয়েছে। শিক্ষার্থীদের আর্থিক চাপ লাঘব করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। উক্ত আদেশের মাধ্যমে ফি কমানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত আদেশে বলা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ফি পুনর্নির্ধারণ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী কামিল পরীক্ষার ফরম পূরণ ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি পত্রের ফি ৩৫০ টাকা থেকে কমিয়ে ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অন্যান্য ফি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য যে, গত ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসার অধ্যক্ষদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় উপস্থিত অধ্যক্ষরা শিক্ষার্থীদের বর্তমান আর্থিক অবস্থার কথা উল্লেখ করে জানান যে, অধিভুক্তি নবায়ন, পরীক্ষা ও নিবন্ধন ফিসহ বিভিন্ন ফি সাধারণ শিক্ষার্থীদের সাধ্যের বাইরে চলে গেছে। তারা শিক্ষার্থীদের স্বার্থে এই ফি কমানোর জোরালো দাবি জানান।

অধ্যক্ষদের এই দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমানোর আশ্বাস দিয়েছিলেন, যা এখন কার্যকর করা হয়েছে।