ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারকে ওএসডি করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, তাকে এখন থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৭ অক্টোবরের মধ্যে (আগামীকাল) তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। যদি তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে অবমুক্ত না হন, তবে ওই তারিখের বিকালে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত গণ্য করা হবে।

গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাকে সচিব হিসেবে পদায়ন করেছিল। এর আগে তিনি ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ১৮ সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি তিতুমীর কলেজেও পদায়ন পান। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন এবং বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাকে সচিব হিসেবে পদায়ন করা হয়।

সূত্রমতে, আওয়ামী লীগ সরকারের দায়িত্ব পালনকালীন সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ মুজিব ও শেখ হাসিনার গুণগান করে বেশ সরব ছিলেন। এছাড়া তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং মহিবুল আহসান চৌধুরী নওফেলসহ বিভিন্ন মন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সখ্যতা ছিল বলে জানা গেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার বিভিন্ন ছবি ছড়িয়ে পড়লে শিক্ষা প্রশাসনের ভেতরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই পরিস্থিতির প্রেক্ষিতেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।