ষষ্ঠ শ্রেণির ২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রস্তুত করা ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি) পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’র ছবি ব্যবহার করা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) একজন কর্মকর্তাকে খাগড়াছড়ির সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে।
রোববার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া ওই কর্মকর্তার নাম মু. আব্দুল্লাহ আল যোবায়ের। তিনি এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) প্রেষণে গবেষণা কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। তাকে এখন খাগড়াছড়ির সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে পদায়ন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, “বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। বর্ণিত কর্মকর্তারা আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন।”