ঢাকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, তাকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে, “আগামীকাল ২৭ অক্টোবরের মধ্যে তিনি বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ বিকেল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত গণ্য হবেন।”

গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাকে সচিব হিসেবে পদায়ন করেছিল। এর আগে তিনি ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ১৮ সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের সময়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি তিতুমীর কলেজেও পদায়ন পান। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনি ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন এবং বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাকে সচিব হিসেবে পদায়ন করা হয়।

আলাদা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালনকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ মুজিব ও শেখ হাসিনার গুণগান করে বেশ সরব ছিলেন। এছাড়া আওয়ামী আমলের শিক্ষামন্ত্রী দীপু মনি ও মহিবুল আহসান চৌধুরী নওফেলসহ বিভিন্ন মন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সখ্যতা ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী নেতাদের সঙ্গে তার বিভিন্ন ছবি ছড়িয়ে পড়লে শিক্ষা প্রশাসনের ভেতরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।