দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার প্রেসের সামনে গত রাতে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। উক্ত হামলায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন এবং সামনে অবস্থানরত পান দোকানি রিনা খানম আহত হয়েছেন। জানা গেছে, তারা উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) এক যৌথ বিবৃতির মাধ্যমে এবি পার্টির শীর্ষ নেতৃদ্বয় জানান, গণমাধ্যমের কার্যালয়ের সামনে এ ধরনের বিস্ফোরক নিক্ষেপের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা মনে করেন, সংবাদমাধ্যমের ওপর ভীতি সৃষ্টি, সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত করা কিংবা গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা গণতান্ত্রিক সমাজের জন্য অশনিসংকেত। মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। তাদের মতে, কোনো সংবাদমাধ্যমের সঙ্গে মতপার্থক্য থাকলে তার জবাব দিতে হবে যুক্তি, তথ্য ও পাল্টা বক্তব্যের মাধ্যমে; কোনোভাবেই ভীতি প্রদর্শনের মাধ্যমে নয়।
নেতৃদ্বয় তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেন যে, গণমাধ্যমের কণ্ঠরোধ করে গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব নয়। বরং সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা রাষ্ট্রের মূল দায়িত্ব। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা সংবাদকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি জনমনে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং সামগ্রিক গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, “ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।” একই সঙ্গে সংবাদমাধ্যমের কার্যালয়, সাংবাদিক ও সংবাদকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।
বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেন, “গণতান্ত্রিক উত্তরণ, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার স্বার্থে সব ধরনের রাজনৈতিক সহিংসতা ও ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।” গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় সরকার, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।