জনপ্রিয় সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) এক যৌথ বিবৃতির মাধ্যমে এবি পার্টির এই দুই শীর্ষ নেতা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিবৃতিতে তারা বলেন, “রাজধানির বুকে একজন জনপ্রিয় সংগীতশিল্পী ও ক্রীড়া ব্যক্তিত্বের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের জীবন, সম্পদ ও নিরাপত্তা নিশ্চিত করা। যে দেশে একজন প্রখ্যাত শিল্পীর গাড়িও গুলির লক্ষ্যবস্তু হয়, সে দেশে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরতে পারা নিয়ে মানুষকে দুশ্চিন্তায় থাকতে হয়।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে কথা বলে এবি পার্টির নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, “অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা, জবাবদিহি এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অপরাধী যে-ই হোক, তার পরিচয় বা প্রভাব বিবেচনা না করে তাকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের ঘটনার পর কেবল আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে দৃশ্যমান তদন্ত ও কার্যকর আইনি পদক্ষেপের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।”

বিবৃতিতে তারা এই ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা। একই সাথে সংগীতশিল্পী আসিফ আকবর এবং তাঁর পরিবারের সদস্যদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দেয় এবি পার্টি।

রাষ্ট্রের দায়িত্ব ও আইনের শাসন প্রসঙ্গে নেতৃদ্বয় স্পষ্টভাবে বলেন, “রাষ্ট্র কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভয়ের হাতিয়ার হতে পারে না। বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে, অপরাধী জবাবদিহির আওতায় আসবে এবং প্রতিটি নাগরিক মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বাস করার অধিকার ভোগ করবেন। নাগরিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয় এটি রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।”