ম্যাচের বয়স তখন মাত্র ৩৫ সেকেন্ড। এর মধ্যেই পর্তুগালের জালে বল পাঠিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশের কিশোররা। বায়জিদের দুর্দান্ত ভলিতে এগিয়ে গিয়ে বড় অঘটনের স্বপ্নও দেখছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু সেই স্বপ্ন বেশিক্ষণ টেকেনি। দ্রুত ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় পর্তুগাল। শেষ দিকে বাংলাদেশের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়িয়ে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় ইউরোপের দেশটি।

রোববার (২৫ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। আগের দিন ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করা বাংলাদেশ এদিন দারুণ শুরু করলেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি।

ম্যাচের প্রথম আক্রমণেই গোল পেয়ে যায় বাংলাদেশ। মাত্র ৩৫ সেকেন্ডে সতীর্থদের এগিয়ে দেওয়া বল থেকে দারুণ এক ভলিতে পর্তুগালের জাল কাঁপান বায়জিদ। অপ্রত্যাশিত এই গোলে শুরুতেই চাপে পড়ে ইউরোপের দলটি।

তবে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পর্তুগাল। ষষ্ঠ মিনিটে কর্নার থেকে সমতায় ফেরে তারা। জোয়াও সালগাদোর ক্রস গোলমুখে পেয়ে জালে পাঠান সান্তিয়াগো ফেরো। পাঁচ মিনিট পর আরেকটি কর্নার থেকে এগিয়ে যায় পর্তুগিজরা।

১১তম মিনিটে রদ্রিগো ব্রিতোর নিচু করে নেওয়া কর্নারে বক্সের বাইরে বল পান রুবেন কেইরোজ। সেখান থেকে জোরালো শটে বল জড়ান জালের ওপরের কোণায়। তার দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

প্রথমার্ধেই দুই গোল হজম করার পর সমতায় ফেরার চেষ্টা করে বাংলাদেশ। তবে পর্তুগালের রক্ষণ ভাঙতে পারেনি আকবর হোসেন রিদনের শিষ্যরা। উল্টো ম্যাচের শেষ দিকে আরও একটি গোল হজম করতে হয় তাদের।

৩৮তম মিনিটে সিলভিও পাত্রিসিওর নেওয়া কিক-ইন বাংলাদেশের গোলমুখে চলে আসে। বল ঠেকাতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। আত্মঘাতী সেই গোলে পর্তুগালের জয় নিশ্চিত হয়ে যায়। এই প্রতিযোগিতায় প্রচলিত থ্রো-ইনের পরিবর্তে পা দিয়ে কিক-ইন নেওয়ার নিয়ম চালু রয়েছে।

এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট পেয়েছে পর্তুগাল। নিজেদের প্রথম ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়েছিল তারা। অন্যদিকে দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্ট। প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এবার পর্তুগালের কাছে হারল রিদনের দল।

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে ভিন্নধর্মী নিয়মে। প্রচলিত ১১ জনের পরিবর্তে প্রতি দলে খেলছেন আটজন ফুটবলার। ম্যাচের দৈর্ঘ্যও ৯০ মিনিট নয়, দুই অর্ধে মোট ৪০ মিনিট। প্রতি অর্ধের দৈর্ঘ্য ২০ মিনিট। খেলাগুলো হচ্ছে তুলনামূলক ছোট মাঠে।

বাংলাদেশের গ্রুপে পর্তুগাল ও ওয়েলসের পাশাপাশি রয়েছে ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি। আজ বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে নিজেদের তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বুরুন্ডি এবং রাত ১০টা ৪৫ মিনিটে ফিজির বিপক্ষে গ্রুপের বাকি দুটি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।