দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন উদ্দীপনা আনতে ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি পর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ ডিসেম্বর বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে এই ছয় দলের প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়াই করবে অ্যাকমি ও ফরচুন। একই মাঠে ৩১ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্টের টি-টোয়েন্টি পর্ব।

প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নিচ্ছে ছয়টি দল— অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক এবং ব্লু স্টার। টুর্নামেন্টের ম্যাচগুলো বরিশালের পাশাপাশি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্টের প্লে-অফ পর্বের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে বরিশালে।

বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, ১৫ ডিসেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে শুরু হবে উদ্বোধনী ম্যাচ। এর পরের দিন অর্থাৎ ১৬ ডিসেম্বর মিরপুরে সকাল ১১টায় মুখোমুখি হবে ওয়ালটন ও সেভেন রিংস সিমেন্ট। ১৭ ডিসেম্বর একই মাঠে ব্লু স্টারের বিপক্ষে মাঠে নামবে ওয়ালটন। এরপর ১৯ ডিসেম্বর বরিশালে সেভেন রিংস সিমেন্ট ও ব্লু স্টারের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের প্লে-অফ পর্ব শুরু হবে ২৭ ডিসেম্বর। ওইদিন সকাল ১১টায় পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল সাড়ে ৩টায় প্রথম ও দ্বিতীয় দলের মধ্যে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার।

প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল এবং এলিমিনেটরে জয়ী দলের মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। সবশেষে ৩১ ডিসেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ। বৃষ্টি বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা মাথায় রেখে ফাইনালের জন্য ২০২৭ সালের ১ জানুয়ারি রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।

ঘরোয়া ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়ে তুলতে এবং একে আরও আকর্ষণীয় করতে চলতি বছরের সেপ্টেম্বরেই ডি থ্রি ট্রফি চালুর ঘোষণা দিয়েছিল বিসিবি। এই নতুন প্রতিযোগিতার বিশেষত্ব হলো, একই ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল টি-টোয়েন্টি, ওয়ানডে এবং চার দিনের ক্রিকেটে অংশ নেবে।

বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জানুয়ারিতে চার দিনের এবং মে মাসে ৫০ ওভারের প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তিনটি ফরম্যাট মিলিয়ে এই টুর্নামেন্টে মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, ডি থ্রি ট্রফির খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (২৬ অক্টোবর)। রাজধানীর শেরাটন হোটেলে সকাল ১১টায় এই নিলাম প্রক্রিয়া শুরু হবে। নিলামের জন্য ক্রিকেটারদের পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল ২৩ জনের একটি স্কোয়াড গঠন করবে। জানা গেছে, ছয়টি ফ্র্যাঞ্চাইজির একজন করে আইকন ক্রিকেটার আগেই চূড়ান্ত করা হয়েছে। বাকি ২২ জন ক্রিকেটারকে নিলামের মাধ্যমে দলে অন্তর্ভুক্ত করবে দলগুলো।