জাতীয় দলের অভিজ্ঞ তারকাদের সমন্বয়ে নিজেদের স্কোয়াড সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজি দল ওয়ালটন। মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদ এবং মুমিনুল হকের মতো তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আয়োজন ডি-থ্রি ট্রফির প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে তারা। অভিজ্ঞতার পাশাপাশি একঝাঁক প্রতিশ্রুতিমান তরুণ ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করে তিন সংস্করণের প্রতিযোগিতার জন্য একটি ভারসাম্যপূর্ণ দল গঠনের চেষ্টা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ডি-থ্রি ট্রফির খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়। ভারতের অভিজ্ঞ নিলামকারী চারু শর্মার পরিচালনায় মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে দল গঠন করে। প্রতিটি দল আগে থেকে নির্ধারিত একজন আইকন ক্রিকেটারের পাশাপাশি নিলামের মাধ্যমে আরও ২২ জন ক্রিকেটার সংগ্রহ করেছে। এর ফলে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত স্কোয়াডে মোট ২৩ জন ক্রিকেটার স্থান পেয়েছেন।
ওয়ালটন আগেই আইকন ক্রিকেটার হিসেবে মেহেদী হাসান মিরাজকে দলে পেয়েছিল। তবে নিলামের সবচেয়ে বড় চমক ছিল জাতীয় দলের গতি তারকা তাসকিন আহমেদকে দলে নেওয়া। তাকে পেতে ২ কোটি ১০ লাখ পয়েন্ট ব্যয় করেছে ওয়ালটন, যা পুরো নিলামের দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট। উল্লেখ্য, সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরিফুল ইসলামকে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক।
তাসকিনের পাশাপাশি অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস এবং টেস্ট বিশেষজ্ঞ মুমিনুল হককেও দলে নিয়েছে ওয়ালটন। মুমিনুলকে দলে নিতে তাদের ব্যয় করতে হয়েছে ৮০ লাখ পয়েন্ট। এছাড়া জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদকে ৬৯ লাখ, তরুণ আরিফুল ইসলামকে ৬২ লাখ, মার্শাল আইয়ুবকে ৩৬ লাখ এবং রনি তালুকদারকে ৩০ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে তারা।
বোলিং আক্রমণ আরও শক্তিশালী করতে তাসকিন ও নাসুমের সঙ্গে যুক্ত হয়েছেন তরুণ পেসার ইকবাল হাসান ইমন ও রেজাউর রহমান রাজা। ইমনকে ৬৬ লাখ এবং রাজাকে ৩২ লাখ পয়েন্টে নিয়েছে ওয়ালটন। অলরাউন্ডারদের মধ্যে সামিউন বাসির রাতুলকে ৫৪ লাখ এবং হাবিবুর রহমান সোহানকে ৩২ লাখ পয়েন্টে দলে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি।
তবে একটি বিষয় স্পষ্ট করা হয়েছে যে, নিলামে ব্যবহৃত এই পয়েন্টগুলো ক্রিকেটারদের প্রকৃত পারিশ্রমিক নয়। বিসিবির নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক পাবেন। নিলামের পয়েন্ট মূলত ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের একটি কৌশলগত পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়েছে।
ওয়ালটনের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। নিলাম শেষে দল গঠন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি জানান, নিলামের বর্তমান কাঠামো অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই দক্ষ ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর সুযোগ পেয়েছে এবং ওয়ালটন সেই সুযোগটি যথাযথভাবে কাজে লাগিয়েছে।
নিলাম প্রক্রিয়ায় ওয়ালটনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান। দল গঠন নিয়ে খুশি হয়ে তিনি শিরোপা জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
আমিন খান বলেন, “সবারই প্রত্যাশা থাকে তার টিমটা জিতুক। আমারও প্রত্যাশা আছে ওয়ালটন টিমটা অবশ্যই জিতুক। কারণ টিম আজকে যেভাবে গঠন করা হয়েছে, প্লেয়ার যাদেরকে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আমাদের বেস্ট কোচ আছে আমাদের সঙ্গে। আমরা আশা করি, আমরা ভালো খেলা উপহার দেব, অবশ্যই জিতব।”
তারকাসমৃদ্ধ দল গঠন করলেও অধিনায়ক নির্বাচন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ওয়ালটন। স্কোয়াডে মিরাজ ও লিটনের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার থাকলেও, দলের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনা করে অধিনায়ক ঘোষণা করা হবে।
কোচ আবদুর রাজ্জাক এই বিষয়ে জানিয়েছেন যে, তিনি নতুন দায়িত্বটি উপভোগ করছেন। ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য আনন্দের। তবে ব্যক্তিগত ভালো লাগার চেয়ে দায়িত্ব যথাযথভাবে পালন এবং দলকে কাঙ্ক্ষিত ফলাফল এনে দেওয়াকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন এই প্রতিযোগিতায় টি-টোয়েন্টি, চার দিনের ক্রিকেট এবং ওয়ানডে—তিনটি সংস্করণেই লড়াই করবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। আগামী ১৫ ডিসেম্বর টি-টোয়েন্টি পর্বের মাধ্যমে ডি-থ্রি ট্রফির যাত্রা শুরু হবে। এরপর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে চার দিনের ক্রিকেট এবং ২০২৭ সালের মে মাসে অনুষ্ঠিত হবে ওয়ানডে পর্ব।
তিন ভিন্ন সংস্করণের এই লড়াইয়ে মিরাজ, লিটন ও তাসকিনদের অভিজ্ঞতা ওয়ালটনের শিরোপা জয়ের পথে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়।
ডি-থ্রি ট্রফিতে ওয়ালটনের পূর্ণাঙ্গ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (আইকন), মুমিনুল হক, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, মো. ইকবাল হাসান ইমন, নাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, নাঈম আহমেদ, হাবিবুর রহমান সোহান, সামিউন বাসির রাতুল, চৌধুরী মো. রিজওয়ান, এস এম মেহেরব হাসান, ইমরানউজ্জামান, আসাদুজ্জামান পায়েল, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি ও রাকিব হাওলাদার।