ভিনসেন্ট ভ্যান গঘের বিশ্ববিখ্যাত চিত্রকর্ম ‘দ্য স্টারি নাইট’ দীর্ঘকাল ধরে শিল্পীর এক কাল্পনিক সৃষ্টি হিসেবে বিবেচিত হয়ে আসছিল। তবে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণার দাবি, এই অনন্য শিল্পকর্মটি ১৮৮৯ সালের জুলাই মাসের এক বাস্তব ভোরের আকাশের দৃশ্য অবলম্বনে আঁকা হতে পারে। দক্ষিণ কোরিয়ার একদল জ্যোতির্বিজ্ঞানী তাঁদের গবেষণায় জানিয়েছেন, এই চিত্রকর্মে যে জ্যোতিষ্কের অবস্থান দেখানো হয়েছে, তা ১৮৮৯ সালের ২২ জুলাইয়ের ভোরের আকাশের বিন্যাসের সঙ্গে হুবহু মিলে যায়। এতদিন ধারণা করা হতো যে ছবিটি জুন মাসে আঁকা হয়েছিল, তবে নতুন এই হিসাব অনুযায়ী এটি তার এক মাস পরে আঁকা।

গবেষণার তথ্য অনুযায়ী, চিত্রকর্মে প্রদর্শিত আকাশটি মোটেও কাল্পনিক ছিল না। এর আগে ফ্রান্সের আকাশের পুরোনো তারা বিন্যাসের সঙ্গে ছবির আকাশের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু তারিখটি জুলাই মাসে সরিয়ে আনলে দেখা যায়, চাঁদ, শুক্র গ্রহ এবং হাইয়াডেস নামক তারার গুচ্ছ ভ্যান গঘ তাঁর জানালা থেকে স্পষ্টভাবে দেখতে পেয়েছিলেন।

দক্ষিণ কোরিয়ার কিউং হি বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ইলাইজা জং-হিউন কিম এই বিষয়ে বলেন, ‘আমি ১৩০ বছর আগে ভিনসেন্ট যেখানে দাঁড়িয়ে ছিলেন ঠিক সেখানেই দাঁড়িয়েছিলাম।’ ১৮৮৯ সালের জুন ও জুলাই মাসের প্রতিদিনের ভোরের আকাশের প্রকৃত রূপ পুনর্নির্মাণ করতে বিশেষ জ্যোতির্বিজ্ঞানবিষয়ক সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। চিত্রকর্মে দেখা যায় চাঁদের অবস্থান শুক্র গ্রহের ঠিক ওপরে। গবেষণার সময় এমন একটি ভোরের সন্ধান করা হয়, যেখানে এই দুটি জ্যোতিষ্কই একটি সংকীর্ণ ফ্রেমের ভেতরে অবস্থান করছিল। পুরো গবেষণায় মাত্র তিনটি তারিখের সঙ্গে মিল পাওয়া যায়, যার মধ্যে ২২ জুলাইয়ের সঙ্গে সবচেয়ে কাছাকাছি মিল লক্ষ্য করা যায়। ওই দিনে একটি হালকা চাঁদ, শুক্র গ্রহ এবং হাইয়াডেস তারাগুচ্ছ দৃশ্যমান ছিল। কিম আরও জানান, ‘এ বিষয়কে বিজ্ঞানের আওতায় আনতে আমাদের আকৃতির জ্যামিতি ও পরিসংখ্যান ব্যবহার করে চিত্রকর্মের তারার ধরন এবং বাস্তব আকাশের মধ্যকার সাদৃশ্যের পরিমাপ করতে হয়েছে। পুরো গবেষণা সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত হয়েছে।’

তবে আমস্টারডামের ভ্যান গঘ মিউজিয়াম এই গবেষণার সঙ্গে যুক্ত ছিল না। নতুন এই তথ্যের বিষয়ে মিউজিয়াম কর্তৃপক্ষ তাদের ভিন্ন মত প্রকাশ করেছে। তারা জানিয়েছে, বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে ভ্যান গঘ ১৮৮৯ সালের জুনেই ‘দ্য স্টারি নাইট’ এঁকেছিলেন। জুনের শুরুতে পাওয়া একটি ক্যানভাসের ওপর এই ছবিটি আঁকা হয়েছিল। এছাড়া ২২ জুলাইয়ের দিকে শিল্পীর একটি গুরুতর মানসিক সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে তিনি এক মাসেরও বেশি সময় ধরে কোনো ছবি আঁকতে পারেননি। এই বিষয়ে মিউজিয়ামের একজন মুখপাত্র মন্তব্য করে বলেন, ভ্যান গঘ নিখুঁত হুবহু চিত্রায়ণ নিয়ে চিন্তিত ছিলেন না। তাই চিত্রিত জ্যোতিষ্কের অবস্থান কাজের তারিখ নির্ধারণের জন্য একটি নির্ভরযোগ্য ভিত্তি হতে পারে না।