ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে ডালিয়া আক্তার (৫০) নামের কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের এক নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ডালিয়া কার্যক্রম নিষিদ্ধ বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশায় তিনি ছিলেন চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পরপরই তারা বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে অবস্থিত সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। সেখান থেকে শয়নকক্ষের ভেতর ডালিয়ার মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ডালিয়া তাঁর দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস শুরু করেছিলেন। তবে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তিনি সেখানে একাই জীবন অতিবাহিত করছিলেন।

ঘটনা প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বলেন, “এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহ ডালিয়ার গলায় ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। এ ঘটনায় তদন্ত চলছে।”