আগামীকাল থেকে শুরু হতে যাওয়া নারী হ্যান্ডবলের আন্তর্জাতিক আসর 'বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি'র প্রস্তুতি চূড়ান্ত করছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। তবে এই শেষ মুহূর্তের ব্যস্ততার মধ্যেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়ে রইল পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়াম। জাতীয় নারী দলের অনুশীলনের সময় সেখান থেকে চুরি হয়ে গেছে দুই কোচের দুটি আইফোন। ভিকটিম হলেন স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া এবং কোচ ডালিয়া আক্তার। শুধু ফোনই নয়, স্প্যানিশ কোচ আলোনসোর ক্রেডিট কার্ডটিও চুরি হয়ে গেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে অনুশীলনের সময়, যখন দুই কোচের মোবাইল ফোনগুলো হ্যান্ডবল কোর্টের পাশে থাকা একটি টেবিলে রাখা ছিল। বিকেলের দিকে ডালিয়া আক্তার প্রথমে লক্ষ্য করেন যে তার ফোনটি সেখানে নেই। এরপর খোঁজ নিয়ে দেখা যায়, একই টেবিলে রাখা আনা আলোনসোর ফোনটিও গায়েব। একটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে এমন চুরির ঘটনা আয়োজক হ্যান্ডবল ফেডারেশনের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। মুক্তকণ্ঠকে তিনি বলেন, ‘কোচদের মোবাইল যে নিয়েছে, তাকে চিহ্নিত করার চেষ্টা করছি। এরই মধ্যে তার হদিসও পেয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। আশা করছি, দ্রুতই ভালো খবর পাব।’
উল্লেখ্য যে, আগামীকাল থেকে এই একই স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক নারী হ্যান্ডবল প্রতিযোগিতার আসর বসছে। ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলা এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করছে ভারত, নেপাল ও মালদ্বীপ।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, রোববার বেলা ২টায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরদিন ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় ভারতের মুখোমুখি হবে স্বাগতিক দল। ২০ অক্টোবর একই সময়ে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে মালদ্বীপ। লিগ পর্বের লড়াই শেষে ২১ অক্টোবর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।