ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটের ভেতর থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামের এক যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহত ডালিয়া আক্তার সুমা বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। পেশায় তিনি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক ছিলেন।

গত শুক্রবার (২৩ অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে অবস্থিত সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলায় তার মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সেখানে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, নিহত সুমা রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের কন্যা।

পুলিশ সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি তার দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন। তবে বর্তমানে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় সেখানে তিনি একাই থাকতেন। স্থানীয় বাসিন্দারা ফ্ল্যাটের ভেতর মরদেহ পড়ে থাকার বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনা প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, “ফাঁকা বাসায় কে বা কারা তাকে হত্যা করেছে, তা নিয়ে তদন্ত চলছে। সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসছেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”