চ্যাটজিপিটি ব্যবহারের বিদ্যমান নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। নতুন এই নিয়মের ফলে এখন থেকে চ্যাটজিপিটির প্ল্যাটফর্মে বিজ্ঞাপন সংক্রান্ত তথ্য প্রদর্শিত হবে। আজ বৃহস্পতিবার চ্যাটজিপিটি ব্যবহারকারীদের কাছে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে ওপেনএআই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি জানিয়েছে।

‘ওপেনএআই টিম’–এর পাঠানো ওই ই-মেইলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ‘আমরা আমাদের প্রাইভেসি (ব্যক্তিগত গোপনীয়তা) পলিসি আপডেট করছি যাতে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন–সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করা যায়, যার মধ্যে রয়েছে সেগুলো কীভাবে কাজ করে এবং আপনি কীভাবে আপনার অভিজ্ঞতা নিয়ন্ত্রণ করতে পারেন।’

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চ্যাটজিপিটির ফ্রি এবং গো প্ল্যানের আওতায় থাকা গ্রাহকরা এই বিজ্ঞাপনগুলো দেখতে পাবেন। তবে যারা প্লাস, প্রো, এন্টারপ্রাইজ এবং শিক্ষা সংস্করণের (প্ল্যান) সাবস্ক্রিপশন ব্যবহার করছেন, তাদের জন্য কোনো বিজ্ঞাপন থাকবে না।

বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে ই-মেইলে বলা হয়েছে, ‘বিজ্ঞাপনগুলো চ্যাটজিপিটির দেওয়া উত্তরগুলোকে প্রভাবিত করে না। আপনি যখন কোনো বিজ্ঞাপন দেখবেন, সেটি সব সময় স্পনসর করা বিজ্ঞাপন হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত থাকবে এবং অর্গানিক উত্তর থেকে দৃশ্যত আলাদা থাকবে। আপনি এমন তথ্য ব্যবহার করে প্রাসঙ্গিক ও পার্সোনালাইজড বিজ্ঞাপন পাবেন যা কেবল চ্যাটজিপিটিতেই থাকে। যেমন আপনি যেসব বিজ্ঞাপন সাড়া দিয়েছেন বা আপনার চ্যাটের পরিপ্রেক্ষিত রয়েছে। আপনি সেটিংস থেকে যেকোনো সময় বিজ্ঞাপনের ব্যক্তিগতকরণ পরিচালনা করতে পারেন।’

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে ই-মেইলে আশ্বস্ত করা হয়েছে যে, ব্যক্তিগত বিবরণ এবং চ্যাটজিপিটির সঙ্গে করা কথোপকথন সম্পূর্ণ ব্যক্তিগত রাখা হবে এবং তা কোনো বিজ্ঞাপনদাতার সঙ্গে শেয়ার করা হবে না। বিজ্ঞাপনদাতারা ব্যবহারকারীর চ্যাট, চ্যাটের ইতিহাস, মেমোরি কিংবা ব্যক্তিগত তথ্যে প্রবেশ করতে পারবেন না। তারা কেবল তাদের বিজ্ঞাপনগুলো কীভাবে কাজ করছে, সে বিষয়ে সামগ্রিক পরিসংখ্যান পাবেন, যেমন—মোট ভিউ বা ক্লিকের সংখ্যা। চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা যথাযথভাবে বজায় থাকবে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।