সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা এলাকায় বিজয়া দশমীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে। প্রতিমা বিসর্জনের আনন্দঘন মুহূর্তে সিঁদুর খেলার সময় অসুস্থ হয়ে তন্নী দে (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিরা বাসস্ট্যান্ড সর্বজনীন পূজামণ্ডপে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
মৃত তন্নী দে কুমিরা অমিত ডেকোরেটরের মালিক মহাদেব দের একমাত্র সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে যশোরের কেশবপুর উপজেলার মূলগ্রামের মৃদুলের সঙ্গে তার বিয়ে হয়েছিল। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি তাঁর বাবার বাড়ি পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামে এসেছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বুধবার বিজয়া দশমীর রীতি অনুযায়ী পূজামণ্ডপে অন্যান্য নারীদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তন্নী। উৎসবের সেই মুহূর্তেই তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, তবে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মরাদেহ কুমিরা গ্রামে তার বাবার বাড়িতে আছে।”
রাতে যখন তন্নীর মরদেহ কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়, তখন তাঁর পরিবার, আত্মীয়-স্বজন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। এক নিমেষেই উৎসবের আমেজ শোকের আবহে পরিণত হয়েছে পুরো এলাকায়।