উৎসবমুখর পরিবেশ এবং যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমী উদযাপিত হচ্ছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা এবং এর পরবর্তী অপরাজিতা পূজা সম্পন্ন হওয়ার পর নাটোরের বিভিন্ন দুর্গামন্দির ও মণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বী নারীদের ঐতিহ্যবাহী সিঁদুর খেলা শুরু হয়।

সকাল ৯টার মধ্যেই দশমী বিহিত পূজার যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর মণ্ডপগুলোতে দেবী দুর্গার চরণে সিঁদুর অর্পণ করা হয় এবং সধবা নারীরা দেবী দুর্গার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। দেবীর চরণে প্রার্থনা জানানোর পর নারীরা একে অপরের সিঁথিতে, গালে ও মুখে সিঁদুর মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সনাতন ধর্মাবলম্বী নারীদের বিশ্বাস, দেবী দুর্গার চরণে সিঁদুর অর্পণের মাধ্যমে তাদের সিঁথির সিঁদুর ও পারিবারিক কল্যাণ অক্ষুণ্ণ থাকবে।

সিঁদুর খেলার এই আয়োজনে মণ্ডপগুলোতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ঢাকের বাদ্যি এবং ভক্তিমূলক গানের তালে তালে বিবাহিত নারী ও শিশুরা আনন্দে মেতে ওঠেন এবং নাচগানে অংশ নেন।

নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার (বাচ্চা) জানান, “বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে বিকেল থেকে শুরু হবে বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা। শহরের বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বঙ্গজল এলাকার জয়কালী দীঘিতে গিয়ে শেষ হবে। সেখানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই সমাপ্তি ঘটবে এ বছরের শারদীয় দুর্গাদেবীর দুর্গোৎসবের।”