চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীতে অবস্থিত শ্রীশ্রী সেবা খোলা ও বৈকুণ্ঠধাম মন্দিরের এক অনন্য ও ব্যতিক্রমী পূজামণ্ডপ ‘রিপু রজনী’ পরিদর্শন করেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি এই বিশেষ মণ্ডপে উপস্থিত হন। সেখানে দেবী দুর্গার চরণে প্রণাম নিবেদন করে অল্প সময়ের মধ্যেই তিনি মণ্ডপ থেকে বেরিয়ে যান। এরপর তিনি কৈবল্যধাম পূজামণ্ডপটি ঘুরে দেখেন।

অভিনেত্রীর এই সফরকালীন মুহূর্তগুলো ভিডিও করেন স্থানীয় বাসিন্দা আবির সরকার। পরবর্তীতে তিনি সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। অন্যদিকে, মণ্ডপ পরিদর্শনের স্মৃতি হিসেবে নিজের ফেসবুক প্রোফাইলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী পূজা চেরী।

‘রিপু রজনী’ মণ্ডপের বিশেষ থিম ও শৈল্পিক উপস্থাপনার প্রশংসা করে পূজা চেরী বলেন, ‘আমার কাছে মনে হয়, এটি অন্যতম সেরা একটি মণ্ডপ হয়েছে। মূলত এ কারণেই এটি দেখতে ঢাকা থেকে ছুটে আসা। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এই ভাবনাটিকে সাধুবাদ জানাই।’

উল্লেখ্য যে, মানুষের অন্তরে বিদ্যমান ছয়টি রিপু—লোভ, মোহ, ক্রোধ, হিংসা, অহংকার ও কামনাকে কেন্দ্র করেই সাজানো হয়েছে এই ‘রিপু রজনী’ মণ্ডপ। মানুষের ভেতরের অন্ধকার দিকগুলো, বিবেকের সাথে চলমান দ্বন্দ্ব এবং আত্মশুদ্ধির প্রয়োজনীয়তার বার্তা ফুটিয়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য ও ভাবনা।

আয়োজক কমিটির সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, শারদীয় দুর্গোৎসবের ৫৮তম বর্ষে তারা এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন। প্রচলিত ধর্মীয় রীতিনীতির পাশাপাশি মানুষের মনস্তত্ত্ব এবং আত্মশুদ্ধির দর্শনকে এখানে যুক্ত করা হয়েছে। দেবী দুর্গার আগমনকে অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও কল্যাণের পথে ফিরে আসার এক অনুপ্রেরণা হিসেবে উপস্থাপন করা হয়েছে। মণ্ডপটির নান্দনিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, যার ফলে প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা গেছে।

আয়োজকদের মতে, ‘রিপু রজনী’ কেবল প্রতিমা দর্শনের কোনো সাধারণ আয়োজন নয়; বরং এটি মানুষের নিজের ভেতরের অন্ধকারকে চিনে নেওয়ার একটি আহ্বান। ষড়্‌রিপুর প্রভাব থেকে মুক্ত হয়ে শুভবোধ, সংযম ও আত্মোপলব্ধির পথে এগিয়ে যাওয়ার বার্তাই এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হয়েছে।