অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে এক ভয়াবহ গাড়িচাপা হামলার শিকার হয়ে ফেডারেল পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য হেলেন হেইন্স তাঁর দুই পা-ই হারিয়েছেন। মেলবোর্নের আলফ্রেড হাসপাতালে দীর্ঘ সময় ধরে অস্ত্রোপচারের পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে গণমাধ্যমকে জানিয়েছেন তাঁর স্বামী ফিল হেইন্স।
ঘটনাটি ঘটে গত সোমবার বিকেলে। ওয়াঙ্গারাতায় নিজ কার্যালয়ের সামনে অবস্থান করার সময় ইন্ডাই নির্বাচনী এলাকার এই জনপ্রিয় নারী রাজনীতিককে একটি ল্যান্ড ক্রুজার ফোর-হুইল গাড়ি দিয়ে কয়েক দফায় ধাক্কা দেওয়া হয়। এই নৃশংস হামলায় ঘটনাস্থলেই তাঁর একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরবর্তীতে চিকিৎসকেরা তাঁর অন্য পা-টি বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা রক্ষা করা সম্ভব হয়নি।
ঘটনা প্রসঙ্গে এমপি হেলেনের স্বামী ফিল হেইন্স শান্ত ও স্পষ্ট কণ্ঠে বলেন, তাঁর স্ত্রী একটি ‘ভয়াবহ দুর্ঘটনা’ থেকে বেঁচে ফিরেছেন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাঁকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
ফিল হেইন্স আরও জানান, এই চরম সংকটের মাঝে সবচেয়ে বড় সুখবর হলো হেলেন বেঁচে আছেন এবং তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
পরিবারের অনুভূতি ব্যক্ত করে হেলেনের স্বামী বলেন, ‘আমাদের পরিবারের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর আমি মনে করি, আমরা যখন হেলেনকে নিয়ে ভাবি বা কথা বলি, পরিবার হিসেবে আমাদের কাছে হেলেনের দুটি দিক সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাঁর হৃদয় ও মন।’
তিনি আরও বলেন, হেলেনের হৃদয়টা অনেক বড়। তিনি অত্যন্ত সহানুভূতিশীল, যত্নশীল ও ভালোবাসায় পূর্ণ একজন মানুষ। তাঁর আশেপাশের সবাই, বিশেষ করে পরিবার, সমাজ কিংবা যার সঙ্গেই তাঁর দেখা হয়, সবাইকে তিনি অসম্ভব সমর্থন করেন। আর তাঁর মন, তিনি অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী।
নিজের ৬৫ বছর বয়সী স্ত্রীর কথা বলতে গিয়ে ফিল হেইন্স তাঁকে একজন ‘লড়াকু’ মানুষ হিসেবে বর্ণনা করেন। দীর্ঘ প্রায় ৪০ বছরের দাম্পত্য জীবন অতিবাহিত করা এই দম্পতির তিনটি সন্তান এবং দুই নাতি-নাতনি রয়েছে। স্ত্রীর মানসিক শক্তির কথা বর্ণনা করার সময় এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
স্ত্রী সুস্থ হয়ে ওঠার এই কঠিন সময়ে হেইন্স ‘সেভ দ্য চিলড্রেন’ তহবিলে অনুদান দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এই উদ্দেশ্যে সংস্থাটির পক্ষ থেকে একটি বিশেষ আবেদন প্রক্রিয়াও চালু করা হয়েছে।
এদিকে পুলিশি তদন্তে জানা গেছে, সোমবারের এই হামলাটি ছিল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশ অভিযুক্ত ব্রেন্ডনের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করা, ইচ্ছাকৃতভাবে মারাত্মক ক্ষতি সাধন এবং একজন সরকারি কর্মকর্তাকে আঘাত করার রাষ্ট্রীয় অপরাধের অভিযোগ এনেছে।
হামলার পরপরই সেলুনকর্মী রিকি জেফরিসসহ স্থানীয় কয়েকজন বাসিন্দার সাহসিকতায় হামলাকারী ব্রেন্ডন নিউজান্টকে ধারালো অস্ত্রসহ ঘটনাস্থল থেকে আটক করা হয়। বর্তমানে আদালতে নিউজান্টের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বিভিন্ন গুরুতর অভিযোগ আনা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন এমপির পাশে দাঁড়িয়ে গভর্নর জেনারেল স্যাম মসটিন এই ঘটনাকে পুরো দেশের জন্য একটি বড় ধাক্কা হিসেবে উল্লেখ করেছেন। এই বর্বর হামলার প্রতিবাদে এবং এমপির দ্রুত সুস্থতা কামনায় গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় ওডোঙ্গায় শত শত মানুষ একত্রিত হয়ে মোমবাতি প্রজ্বালন ও সংহতি সমাবেশ করেন।
এই নৃশংস ঘটনার পর অস্ট্রেলিয়ায় জনপ্রতিনিধিদের, বিশেষ করে নারী এমপিদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।