অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের স্বতন্ত্র নারী সদস্য (এমপি) হেলেন হেইন্সকে (৬৫) তাঁর নির্বাচনী কার্যালয়ের সামনে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার ঘটনায় এক চরম বিস্ময়ের সৃষ্টি হয়েছে হামলাকারীর পরিচয় সামনে আসার পর। পুলিশি তদন্তে জানা গেছে, সন্দেহভাজন হামলাকারী ওই ব্যক্তি এমপির দীর্ঘ ২০ বছরের পুরোনো এক পারিবারিক বন্ধু। দীর্ঘদিনের পরিচিত একজন মানুষ কেন এমন নৃশংস হামলা চালালেন, সেই রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বাবা নিশ্চিত করেছেন যে, এমপি হেলেন হেইন্স তাঁদের পরিবারের দীর্ঘদিনের বন্ধু এবং এই সম্পর্ক দুই দশক ধরে চলে আসছে।
৪৩ বছর বয়সী ব্রেন্ডন নিউজান্ট নামের ওই ব্যক্তি কেন এমন ভয়াবহ পদক্ষেপ নিলেন, তা নিয়ে সবাই হতবাক। কারণ, ব্রেন্ডন সব সময় এমপি হেলেনের কাজের প্রশংসা করতেন এবং তাঁকে জোরালো সমর্থন দিয়ে আসছিলেন।
পুলিশ ব্রেন্ডনকে একজন পরিবেশকর্মী হিসেবে শনাক্ত করেছে। তিনি মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলকে সমর্থনের কারণে ব্রিটেনের তীব্র সমালোচনা করেছিলেন তিনি।
ইন্ডি আসনের স্বতন্ত্র এমপি হেলেন হেইন্স পরিবেশ সুরক্ষার পক্ষে কথা বলতেন এবং গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের নীরবতার নিন্দা জানাতেন। এই আদর্শিক মিলের কারণেই ব্রেন্ডন আগে তাঁর প্রশংসা করেছিলেন।
হেলেন এমপি হওয়ার পর ব্রেন্ডন ফেসবুকে তাঁর সমর্থনে পোস্ট শেয়ার করেছিলেন। এমনকি তাঁর নির্বাচনী এলাকায় কনজারভেটিভ দলের অর্থায়নে পরিচালিত ‘স্বতন্ত্র-বিরোধী প্রচারণার’ সমালোচনা করে একটি পোস্টে এমপি হেলেনকেও ট্যাগ করেছিলেন তিনি।
ব্রেন্ডনের বাবা রড নিউজান্ট একটি বিবৃতিতে জানান, তাঁর পরিবার ২০ বছর ধরে মিসেস হেইন্সের বন্ধু। তিনি এই ‘ভয়াবহ অপরাধের’ তদন্তে পুলিশকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, গত কয়েক মাস ধরে ব্রেন্ডনের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল।
রড নিউজান্ট তাঁর বিবৃতিতে বলেন, “হেলেন হেইন্স আমাদের স্থানীয় সমাজের একজন গভীরভাবে সম্মানিত, মূল্যবান এবং অনেক প্রিয় সদস্য।” তিনি আরও বলেন, “হেলেন ২০ বছরের বেশি সময় ধরে আমাদের বন্ধু এবং গতকাল তাঁর সঙ্গে যা ঘটেছে, তা চরম ধ্বংসাত্মক এবং ভাবনার অতীত। আমাদের সব ভালোবাসা ও প্রার্থনা হেলেন এবং তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে রয়েছে।”
এত ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও কেন এই হামলা করা হলো? মঙ্গলবার গোয়েন্দারা ব্রেন্ডনকে জিজ্ঞাসাবাদ করলেও পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত উদ্দেশ্য এখনো অস্পষ্ট।
পুলিশের প্রাথমিক ধারণা, ব্রেন্ডন মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি সামাজিক মাধ্যমে ‘দীর্ঘস্থায়ী ব্যথায়’ ভোগার কথা উল্লেখ করেছিলেন এবং জানাতেন যে তিনি ‘নিঃস্ব’ বা আর্থিকভাবে চরম সংকটে আছেন। ধারণা করা হচ্ছে, পুলিশের বিস্তারিত জিজ্ঞাসাবাদের আগে ব্রেন্ডনকে একটি মানসিক স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
অনলাইনে রাজনীতি নিয়ে ব্রেন্ডন অত্যন্ত সরব ছিলেন। ২০২৪ সালের একটি পোস্টে গাজায় যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলকে আহ্বান জানানোর পর তিনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমাররের সমালোচনা করেন। তিনি লিখেছিলেন, “ইসরায়েল যে রাফায় নির্দোষ মানুষের ওপর বোমা বর্ষণ করছে, তার একমাত্র কারণ হলো, আপনাদের মতো মানুষ তাদের এটা করার জন্য কূটনৈতিক ঢাল এবং সামরিক সহায়তা দেয়।”
আরেকটি পোস্টে ব্রেন্ডন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংকে আক্রমণ করে তাঁর বিরুদ্ধে “হাজার হাজার শিশু হত্যার জন্য ইসরায়েলকে দায়মুক্তি দেওয়ার” অভিযোগ তোলেন।
মজার বিষয় হলো, এমপি হেলেনের চিন্তাভাবনাও ব্রেন্ডনের মতোই ছিল। একজন সাবেক ধাত্রী হিসেবে মিসেস হেইন্স স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্মে প্রচার চালিয়েছিলেন এবং ২০১৯ সালে নির্বাচিত হওয়ার পর “শক্তিশালী পরিবেশ সুরক্ষার পক্ষে জোরালো কণ্ঠস্বর” হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
পরিবেশ ধ্বংসকারীদের কঠোর শাস্তির বিধান রেখে অস্ট্রেলিয়ার সংরক্ষণ আইন সংস্কারের প্রস্তাবে হেইন্স সমর্থন জানিয়েছিলেন। পাশাপাশি ফিলিস্তিনিদের দুর্দশা নিয়েও তিনি বারবার কথা বলেছেন।
ভয়াবহ সেই ঘটনার বিবরণ অনুযায়ী, সোমবার মেলবোর্নের উত্তর-পূর্বে ওয়াঙ্গারাট্টায় নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে হেলেন হেইন্সের ওপর ব্রেন্ডন নিউজান্ট তাঁর টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি দুবার তুলে দেন বলে অভিযোগ উঠেছে।
হেইন্স তাঁর নির্বাচনী এলাকায় একটি ডগ পার্কের উদ্বোধনে অংশ নিয়েছিলেন। তিনি যখন কার্যালয়ের বাইরে নিজের গাড়ির পেছন থেকে জিনিসপত্র নামাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে গাড়িটি তাঁর দিকে ধেয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা সাদা রঙের ল্যান্ড ক্রুজারটিকে ওয়াঙ্গারাট্টার পূর্বে ৪০০ মানুষের শহর টারাউইনগির প্রধান সড়কে ইউটার্ন নিতে দেখেন। এরপর এটি কার পার্কে ঢুকে তাঁকে (হেইন্স) ধাক্কা দেয় এবং পরে উল্টো দিকে (রিভার্স) গিয়ে তাঁকে দ্বিতীয়বার ধাক্কা দেয়।
সিডনি মর্নিং হেরাল্ডকে আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তাঁরা গাড়িটিকে হেলেন হেইন্সকে কয়েকবার ধাক্কা দিতে দেখেছেন।
এই নৃশংস হামলার ফলে ৬৫ বছর বয়সী হেইন্সের একটি পা কেটে ফেলতে হয়েছে। মেলবোর্নের আলফ্রেড হাসপাতালে চিকিৎসকেরা তাঁর অন্য পাটি বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সাহায্য করতে এগিয়ে আসা পথচারীরা জানান, সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে একটি ছুরি ছিল এবং তাঁকে অসংলগ্ন কথা বলতে দেখা যায়।
রিকি জেফরিস নামের একজন সেলুনকর্মী দ্রুত গাড়ির দিকে দৌড়ে যান। তিনি ব্রেন্ডনকে গাড়ি থেকে টেনে বের করেন এবং পুলিশ আসা পর্যন্ত তাঁকে শক্ত করে ধরে রাখেন। একটি দোকানের কর্মী কোডি লাপোইদেভিনও এই সময়ে দ্রুত এগিয়ে এসে তাঁকে সাহায্য করেন।
জেফরিস বলেন, “তার কাছে একটি ছুরি ছিল। সে এটি বের করেনি। আমি তার নড়াচড়া দেখে ভরসা পাচ্ছিলাম না, তাই আমি কেবল তার পকেট থেকে ওটা বের করে ছুড়ে ফেলে দিই।”
পথচারীরা হেইন্সের পায়ে সাময়িক ব্যান্ডেজ লাগিয়ে দেন এবং পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ কর্মকর্তারা ব্রেন্ডনকে আটক করেন। হেইন্সকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে মেলবোর্নে স্থানান্তর করা হয়।