নাটোরের সিংড়ায় চলনবিলে বক শিকার করে জবাই করার অপরাধে তিনজনকে দুই মাস করে কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এই কাজে সহায়তার অভিযোগে আরও দুই ব্যক্তিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ রাস্তা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— সিংড়ার পাকুড়িয়া গ্রামের জনাব আলী (৩৮), বিলপাকুড়িয়া গ্রামের কাহার (১৯) এবং একই গ্রামের লিটন হোসেন (৩০)। এছাড়া তাঁদের সহযোগিতার জন্য ভ্যানচালক আবু হানিফকে (৪০) সাত হাজার টাকা এবং বিল পাকুড়িয়া গ্রামের বাসিন্দা হোসেন আলীকে (২১) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, চলনবিল থেকে পাখি শিকার করে জবাই করা হচ্ছে এবং সেগুলো বস্তায় ভরে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছিল। জানা যায়, একজন ভ্যানচালক এই শিকারিদের সহায়তা করছিলেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পরিবেশকর্মীরা আজ সকালে ওই ভ্যানচালকের পিছু নেন। একপর্যায়ে যখন শিকারিরা জবাই করা বকগুলো ভ্যানে উঠাচ্ছিলেন, ঠিক তখনই তিন শিকারি ও তাঁদের দুই সহযোগীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে তাঁদের কাছ থেকে জবাই করা মোট ৫০টি বক উদ্ধার করা হয়েছে।
এই অভিযানে অংশ নেওয়া চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “পানি কমে যাওয়ার সময় বিপুলসংখ্যক বকসহ পরিযায়ী পাখি চলনবিলে আসে। এই সুযোগে শিকারিরা ফাঁদ দিয়ে পাখি শিকার করে গোপনে বিক্রি করেন। তাই পরিবেশকর্মীরা এ সময় বিলের বিভিন্ন প্রান্তে নজরদারি করেন।”