‘আগামীর জন্য স্বাস্থ্যকর খাবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্যকর সৃজনশীলতা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করে উদ্যাপিত হয়েছে ‘আন্তর্জাতিক শেফস ডে ২০২৬’। পেশাদার শেফদের অনন্য অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা ফুটিয়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার একটি হোটেলে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছয় শর বেশি শেফ এবং রন্ধনশিল্প সংশ্লিষ্ট পেশাজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শেফস ফেডারেশন অব বাংলাদেশের (সিএফবি) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালি। অতিথিদের উদ্দেশে তিনি বলেন, “স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে শেফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিকর উপাদান ব্যবহার করে সুস্বাদু খাবার তৈরি এবং খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে শেফরা মানুষের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। আন্তর্জাতিক শেফস ডের এই আয়োজন রন্ধনশিল্পীদের সৃজনশীলতা ও পেশাদারত্বকে উৎসাহিত করবে।”
শেফস ফেডারেশন অব বাংলাদেশের সভাপতি শেফ জহির খান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “শেফরা শুধু খাবার তৈরি করেন না, তাঁরা মানুষের খাদ্যাভ্যাস ও রুচি গঠনেও ভূমিকা রাখেন। স্বাস্থ্যকর খাবার তৈরিতে মানসম্মত উপাদান নির্বাচন এবং নতুন নতুন রেসিপি নিয়ে কাজ করা জরুরি। আন্তর্জাতিক শেফস ডে এই খাতের পেশাজীবীদের অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা বৃদ্ধি ও রন্ধনশিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করার সুযোগ করে দেয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেফস ফেডারেশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা শাকাওয়াত হোসেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক শেফ বোরহান খান এবং জ্যেষ্ঠ সহসভাপতি জুলিয়ান সিটল বাটলারো ও শেফ জসিম উদ্দিন।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খোন্দকার, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস) মো. মাহবুবুর আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (করপোরেট সেলস) শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মো. রহমতুল্লাহ খোন্দকার বলেন, “রন্ধনশিল্পের পেশাজীবীদের সঙ্গে কাজ করার মাধ্যমে মানসম্মত খাদ্য উপাদানের ব্যবহার এবং সৃজনশীল রান্নার চর্চাকে উৎসাহিত করা সম্ভব। ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার শেফদের বিভিন্ন ধরনের দেশীয় ও আন্তর্জাতিক খাবার তৈরিতে সহায়তা করবে। আন্তর্জাতিক শেফস ডের সঙ্গে যুক্ত হতে পেরে তাঁরা আনন্দিত।”
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের এক্সপেরিয়েন্স জোন। সেখানে উপস্থিত শেফ ও অতিথিরা দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পদ তৈরিতে এই পণ্যটির বহুমুখী ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান। এছাড়া ফ্রেশ মিল্ক পাউডার দিয়ে তৈরি ঐতিহ্যবাহী বাঙালি খাবার ফিরনি ও দই পরিবেশন করা হয়। অংশগ্রহণকারীদের বিনোদনের জন্য রাখা হয়েছিল লাকি ড্র, ব্র্যান্ডেড ফটো বুথ এবং ফ্রেশ কফি কর্নার।
আয়োজন সম্পর্কে অংশগ্রহণকারীদের অভিমত ছিল যে, এই অনুষ্ঠানটি পেশাদার শেফদের কাজের যথাযথ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বাংলাদেশের খাদ্য ও আতিথেয়তা খাতের পেশাজীবীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক হয়েছে।