প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে মাঠের লড়াইয়ে পরাজিত হওয়ার পর এবার মাঠের বাইরের অ শোভন আচরণ নিয়ে সোচ্চার হয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের হাই-ভোল্টেজ ম্যাচের আগে পিএসজি সমর্থকদের প্রদর্শিত একটি অত্যন্ত বিতর্কিত ব্যানারের বিরুদ্ধে উয়েফায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে এই কাতালান ক্লাবটি। ওই বিশাল ব্যানারে করাত দিয়ে বার্সেলোনার ক্লাব প্রতীক ধ্বংস করার একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছিল, যার সাথে যুক্ত ছিল উসকানিমূলক স্লোগান।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে প্যারিসের পার্ক দে প্রাঁসে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। খেলা শুরুর আগেই গ্যালারির এক প্রান্তে পিএসজির উগ্র সমর্থকেরা ওই বিশাল ব্যানারটি প্রদর্শন করেন। সেখানে দেখা যায়, রক্তমাখা করাত হাতে এক মুখোশধারী চরিত্র বার্সেলোনার প্রতীকটি কেটে ফেলছে।

ব্যানারটিতে ফরাসি ভাষায় লেখা ছিল ‘Massacre à la parisienne’। এর বাংলা অর্থ হলো ‘প্যারিসের কায়দায় হত্যাযজ্ঞ’। জানা গেছে, পুরো দৃশ্যটি মার্কিন ভৌতিক চলচ্চিত্র ‘দ্য টেক্সাস চেইন স ম্যাসাকার’-এর আদলে তৈরি করা হয়েছিল।

এমন সহিংস চিত্র প্রদর্শনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষ হওয়ার পর উয়েফার প্রতিনিধির কাছে ক্লাবটি তাদের আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। ব্যানারে সহিংসতার প্রকাশ্য চিত্র তুলে ধরা হয়েছে—এটিই অভিযোগের মূল কেন্দ্রবিন্দু।

শুধুমাত্র ওই বিশাল ব্যানারই নয়, ম্যাচ চলাকালীন সময়েও বার্সেলোনার খেলোয়াড় ও ক্লাবকে লক্ষ্য করে অশালীন স্লোগান দেয় পিএসজির একাংশের সমর্থকেরা। গ্যালারিতে বার্সেলোনাকে গালিগালাজ করে লেখা আরও বেশ কিছু ব্যানার দেখা যায়। সেই ব্যানারগুলো সরিয়ে নেওয়ার জন্য উয়েফার নিরাপত্তাকর্মীদের অনুরোধ জানায় স্প্যানিশ ক্লাবটি, যার ফলে পরবর্তীতে কয়েকটি ব্যানার সরিয়ে নেওয়া হয়।

এছাড়া পিএসজির প্রথম গোলের পর গ্যালারিতে আতশবাজি ও ফ্লেয়ার জ্বালিয়ে আগুনের শিখা তৈরি করা হয়। দর্শকদের এমন ঝুঁকিপূর্ণ আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে ফুটবল মহলে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ফরাসি দৈনিক লেকিপের দাবি অনুযায়ী বিতর্কিত ওই ব্যানারটি প্রদর্শনের বিষয়টি পিএসজি কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছিল। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে উয়েফা এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক পদক্ষেপ বা সিদ্ধান্ত ঘোষণা করেনি।

মাঠের লড়াইয়ে বার্সেলোনাকে ৪-২ গোলে পরাজিত করেছে পিএসজি। হান্সি ফ্লিকের নেতৃত্বাধীন বার্সেলোনা দল দুইবার পিছিয়ে পড়েও সমতা ফিরিয়ে এনেছিল। তবে ম্যাচের শেষ দিকে আরও দুটি গোল হজম করে চলতি মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পায় কাতালানরা। তবে বর্তমানে ম্যাচের ফলাফলের চেয়ে প্যারিসের গ্যালারিতে প্রদর্শিত সেই বিতর্কিত ব্যানারটিই বেশি আলোচনায় উঠে এসেছে।