প্যারিসজুড়ে দাঙ্গা ও লুটপাটের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পিএসজির মুখোমুখি হতে ফ্রান্সে পৌঁছেছে বার্সেলোনা। মাঠের বাইরের এই অস্থিরতার কারণে ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হলেও, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ নিশ্চিত করেছেন যে, মঙ্গলবারের ম্যাচটি বাতিল বা পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে মাঠে নামবে পিএসজি ও বার্সেলোনা।
তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের এই হাই-ভোল্টেজ লড়াই খেলতে প্যারিসে পৌঁছানোর আগেই দুই দফায় চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে বার্সা শিবিরে। এই দুই সমস্যাই ছিল বিমানবন্দর কেন্দ্রিক।
শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ সহিংস রূপ ধারণ করে। এর ফলে সরকারি ভবন এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান হামলা ও লুটপাটের শিকার হয়। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে স্থানীয়ভাবে সীমিত পরিসরে কারফিউ জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, এই সহিংসতার ঘটনায় ফ্রান্সজুড়ে গ্রেপ্তারের সংখ্যা ২ হাজার ৪০০ ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।
এমন অস্থিতিশীল পরিবেশের মধ্যে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে পিএসজি–বার্সেলোনা ম্যাচটি আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, একটি জরুরি বৈঠকে বিভিন্ন আয়োজন বাতিলের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হলেও পিএসজি–বার্সেলোনা ম্যাচটি সেই তালিকার আওতায় পড়েনি। এছাড়া বুধবার লিল ও গালাতাসারাইয়ের ম্যাচসহ চলতি সপ্তাহে ইউরোপীয় প্রতিযোগিতার অন্যান্য ম্যাচগুলোও নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, প্যারিসের বিমানে ওঠার আগেই দুই দফায় ভোগান্তির শিকার হয়েছে বার্সেলোনা। স্পেনের সংবাদমাধ্যম কাদেনা এসইআরের প্রতিবেদন অনুযায়ী, প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে ঘন কুয়াশার পাশাপাশি বার্সেলোনার জন্য নির্ধারিত উড়োজাহাজটি দেরিতে পৌঁছানোর কারণে দলের যাত্রায় বিলম্ব ঘটে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় রওনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে প্যারিসের উদ্দেশে উড়াল দেয় হান্সি ফ্লিকের দল।
এর আগে শনিবার সেভিয়ায় রিয়াল বেতিসের বিপক্ষে ৫–২ গোলের বড় জয় পাওয়া সত্ত্বেও আবহাওয়ার কারণে ভোগান্তিতে পড়েছিল বার্সেলোনা। বার্সেলোনা শহরে প্রবল ঝড় ও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ফিরতে পারেনি দলটি। বিমানে প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর তাদের পুনরায় হোটেলে ফিরে যেতে হয়। শেষ পর্যন্ত সেভিয়ায় রাত কাটিয়ে পরদিন তারা বার্সেলোনায় ফিরে আসে।
সব মিলিয়ে পিএসজির বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ম্যাচের আগে মাঠের বাইরের নানা অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে বার্সেলোনাকে। এবারের চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে বার্সেলোনা ও পিএসজি—উভয় দলই তাদের প্রথম দুই ম্যাচে জয়লাভ করেছে। বর্তমানে ৩৬ দলের সামগ্রিক পয়েন্ট তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফ্রান্স ও স্পেনের এই দুই শক্তিশালী দল।