দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বার্সেলোনার ক্যাম্প ন্যুতে ফিরছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ২০২৯ সালের পুরুষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনের চূড়ান্ত দায়িত্ব পেয়েছে কাতালানদের ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম। গ্রিসের থেসালোনিকিতে উয়েফা কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৩০ বছর পর ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচটি বসবে কাতালানদের এই ঐতিহাসিক মাঠে।

ক্যাম্প ন্যুতে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হয়েছিল ১৯৯৯ সালে। সেবার নাটকীয় এক ফাইনালে ৬ মিনিটে গোল করে এগিয়ে যাওয়া বায়ার্ন মিউনিখকে যোগ হওয়া সময়ে জোড়া গোলে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড।

এর আগে ২০২৮ সালের ফাইনাল হবে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। ২০১২ ও ২০২৫ সালের পর তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ আয়োজন করতে যাচ্ছে আলিয়াঞ্জ অ্যারেনা। এর আগে মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামেও তিনবার হয়েছে ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব নির্ধারণী ম্যাচ। চলতি মৌসুমের ফাইনাল যে আতলেতিকো মাদ্রিদের মেত্রোপোলিতানো স্টেডিয়ামে হবে, সেটি আগেই নির্ধারিত।

ক্যাম্প ন্যুতে খেলা ফিরলেও সংস্কারকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। গ্যালারির তৃতীয় স্তর নির্মাণ এবং ছাদ বসানোর কাজ এখনো বাকি। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যেই সব কাজ শেষ হবে। তখন স্টেডিয়ামের ধারণক্ষমতা দাঁড়াবে প্রায় ১ লাখ ৫ হাজার।

থেসালোনিকির ওই সভায় উয়েফা আরও কয়েকটি টুর্নামেন্টের ভেন্যু ঘোষণা করেছে। নারী চ্যাম্পিয়নস লিগের ২০২৮ ফাইনাল হবে ফ্রান্সের পার্ক অলিম্পিক লিওঁতে। ২০২৯ সালের আসর বসবে ওয়েলসের কার্ডিফের ন্যাশনাল স্টেডিয়ামে।

ইউরোপা লিগের ২০২৮ ফাইনাল পাবে রোমানিয়ার বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনা। ২০২৯ সালে ফাইনাল হবে সার্বিয়ার বেলগ্রেডের ন্যাশনাল স্টেডিয়ামে। কনফারেন্স লিগের ২০২৮ ফাইনাল হবে ইতালির তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে। ২০২৯ সালে এই আসরের ফাইনাল যাবে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।

এ ছাড়া ২০২৭ ও ২০২৮ উয়েফা সুপার কাপ অনুষ্ঠিত হবে যথাক্রমে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনা ও কাজাখস্তানের আস্তানা অ্যারেনায়। ২০২৭ ফুটসাল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল বসবে সুইজারল্যান্ডের বিয়েল বিয়েন অ্যারেনায়।