নেতাকর্মীদের বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা ও খাসি সংগ্রহের গুরুতর অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে দ্বিতীয়বারের মতো সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেমের স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্র এবং গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বরাতে জানা গেছে, মেঘনা উপজেলার বিভিন্ন স্তরের কমিটিতে পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নেতাকর্মীদের কাছ থেকে অর্থ ও অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন রমিজ উদ্দিন লন্ডনী। এই বিষয়টি গণমাধ্যমে আসার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়। দলীয় শৃঙ্খলাভঙ্গের এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতেই তাকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে দল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম মুক্তকণ্ঠকে বলেন, “পদ পাইয়ে দেওয়ার কথা বলে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ায় আমরা তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে দলের উর্ধতন নেতাদের সঙ্গেও আলাপ করা হয়েছে।”
উল্লেখ্য যে, এটি রমিজ উদ্দিন লন্ডনীর জন্য দ্বিতীয়বারের মতো বহিষ্কারাদেশ। এর আগে ২০২৪ সালে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তাকে বহিষ্কার করেছিল বিএনপি। পরবর্তীতে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে ক্ষমা চেয়ে আবেদন জানান।
সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হওয়ার শর্ত মেনে তার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল এবং তাকে পুনরায় মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। তবে আবারও অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
রমিজ উদ্দিন লন্ডনীর সাময়িক বহিষ্কারের পর মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব অর্পণ করা হয়েছে সংগঠনটির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সির ওপর।
দায়িত্বপ্রাপ্ত হয়ে আব্দুল অদুদ মুন্সি বলেন, “সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করব। আমার মাঝে দলের কেউ টাকা দিয়ে পদ পদবি নিতে পারবেনা। যোগ্য ব্যক্তিকে তার জায়গায় দেয়া হবে।”
এদিকে, বহিষ্কারের এই ঘটনার বিষয়ে রমিজ উদ্দিন লন্ডনীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হয়, তবে ফোনটি বন্ধ পাওয়া যায়।