কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে দলীয় পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১ লাখ টাকা ও তিনটি খাসি নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৯ অক্টোবর) এ ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মো. মোসলেম মোল্লা।

লিখিত অভিযোগে মোসলেম মোল্লা দাবি করেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১ লাখ টাকা নিয়েছেন রমিজ উদ্দিন লন্ডনী। এ ছাড়া তাকে তিনটি খাসিও দিতে হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ-সংক্রান্ত প্রমাণ তার কাছে রয়েছে বলেও দাবি করেন অভিযোগকারী।

অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মোসলেম মোল্লা।

তবে অভিযোগের বিষয়ে রমিজ উদ্দিন লন্ডনীর বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ভিডিওটিও আমাদের নজরে এসেছে। তবে এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনকে (৭২) লাঞ্ছিত করার অভিযোগে গত ১১ অক্টোবর রমিজ উদ্দিন লন্ডনীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কুমিল্লা উত্তর জেলা বিএনপি।