রাজধানীর পুরান ঢাকার কাঠেরপুল এলাকার একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেটের স্টাম্প উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে এই উদ্ধার অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আজ বৃহস্পতিবার সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, গতকাল রাতে স্থানীয় বাসিন্দারা থানায় ফোন করে জানান, কাঠেরপুল এলাকার কসমোপলিটন স্কুল ভবনে দেশীয় অস্ত্র মজুত করে রাখা হয়েছে। ভবনটির নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত স্কুল পরিচালিত হয় এবং এটি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এ তথ্যের ভিত্তিতে দিবাগত রাত একটার পর পুলিশের লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ওই স্কুল ভবনে অভিযান চালায়। এখান থেকে ১৫২টি ক্রিকেট স্টাম্প উদ্ধার করা হয়। পরে সেগুলো থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম আরও বলেন, এ ঘটনার পর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্কুল ভবনের মালিককে সতর্ক করেছেন।

ভোটের দিন ক্রিকেট স্টাম্প ব্যবহার করে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ছিল কি না—এ বিষয়ে জানতে চাইলে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান মুক্তকণ্ঠকে বলেন, ‘তেমন কোনো সম্ভাবনা ছিল না।’