ঢাকার কেরাণীগঞ্জে বিএসটিআই-এর অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে র্যাব। এই অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি কারখানা বন্ধ করে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
রোববার (১৬ আগস্ট) রাতে র্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং র্যাব-১০-এর সহযোগিতায় কেরাণীগঞ্জ মডেল থানার মুসলিমাবাদ এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ঢাকার বিএসটিআই কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালীন চৌধুরাণী আয়ুর্বেদিকের স্বত্বাধিকারী মাহফুজা ইয়াসমিনকে ২ লাখ টাকা এবং আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একটি কারখানা বন্ধ করে দেওয়া হয় বলে জানান তপন সরকার।
র্যাব কর্মকর্তা আরও জানান, অভিযানকালে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী ও যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়, যা পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।
ভেজাল, নকল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে বলে জানিয়েছে র্যাব। জনস্বার্থে এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।