নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং লোকশিল্পের প্রতি আগ্রহ থেকে ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে এক প্রতিনিধিদলের সঙ্গে তিনি সোনারগাঁয়ের এই ঐতিহাসিক স্থানগুলোতে পৌঁছান। মার্কিন রাষ্ট্রদূতের এই বিশেষ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন এবং জাদুঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা দেখা গেছে।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ও তার বহর প্রথমে ঐতিহাসিক পানাম নগরের প্রাচীন ও নান্দনিক স্থাপনাগুলো ঘুরে দেখেন। শতবর্ষী বাড়ি এবং প্রাচীন স্থাপত্যশৈলী দেখার সময় তিনি এই এলাকার ইতিহাস সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন।

এরপর সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রাঙ্গণে প্রবেশ করেন। সেখানে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি এবং কারুপল্লীতে অবস্থিত ঐতিহ্যবাহী জামদানি পল্লী পরিদর্শন করেন। বাংলার ঐতিহ্যবাহী জামদানি শাড়ির বুননশৈলী এবং কারুশিল্পীদের নিপুণ কর্মতৎপরতা তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে প্রত্যক্ষ করেন।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।

এই সফরকালে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং সার্বিক কার্যক্রমে সহায়তা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকসহ ফাউন্ডেশন ও পানাম নগরীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।