কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত প্রখ্যাত মরমী সাধক ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা এবং দুই বোতল পেট্রল উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে আখড়াবাড়ির ভেতরে একটি ব্যাগে সন্দেহজনক বস্তু বা বোমা থাকার খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুরো এলাকাটি ঘিরে ফেলে পুলিশ।
সোমবার সকালে ঢাকা থেকে আসা বিশেষ বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত সতর্কতার সাথে বোমাটি নিষ্ক্রিয় করে। এই ঘটনার পর থেকে আখড়াবাড়ির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক নজরদারি অব্যাহত রাখা হয়েছে।