মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে তিনি সাহসী বলে অভিহিত করেছেন।
রোববার (১৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে দেওয়া এক পোস্টে সারজিস আলম তার প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এই সাহসী সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য। কেন্দ্র থেকে তৃণমূল এখান থেকে শিক্ষা নিবে সেই প্রত্যাশা করি।’
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় এক মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গিয়েছিল মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে। ওই অভিযানে তার সঙ্গে থাকা অন্যান্য ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে ডেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে বাংলাদেশ টেলিভিশনসহ বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে এই খবরের সত্যতা অস্বীকার করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মুক্তকণ্ঠের সাথে কথা বলার সময় তিনি দাবি করেন যে, প্রচারিত খবরটি ‘সঠিক নয়’। তিনি আরও বলেন, ‘পদত্যাগের বিষয়টি ভিত্তিহীন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে এমন কোনো তথ্য জানানো হয়নি।’
পাশাপাশি একটি অডিও বার্তার মাধ্যমে তিনি সবাইকে অনুরোধ করে বলেন, ‘আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি, এ বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই। এমন কোনো সিদ্ধান্ত যদি আমাদের দল থেকে আমরা নিই, তাহলে সেটি কোনো উড়ো খবরের মাধ্যমে আসবে না। অবশ্যই সেখানে অফিশিয়ালি প্রেস কনফারেন্স করব, যেখানে সবাই উপস্থিত থাকবেন।’
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তা মাহফুজ কবিরও পদত্যাগের এই খবরটিকে সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ‘পদত্যাগ’ বা ‘তাকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে’ মর্মে যে সংবাদটি প্রচারিত হচ্ছে— তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।