সৌদি আরবে হুতির হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি আলেম মুফতি মুহাম্মাদ নাসরুল্লাহ বদর। এই শোকাবহ ঘটনায় নিহত আলেমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সংহতি জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। সেই সঙ্গে পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা হিসেবে ১০ লাখ টাকার একটি চেক তুলে দিয়েছেন তিনি।

গত রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত একটি পোস্টে শায়খ আহমাদুল্লাহ এই মানবিক সহায়তার কথা জানান।

সংশ্লিষ্ট ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘সৌদি আরবের রিয়াদে ইহরামরত অবস্থায় নিহত নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে এসেছিলাম আমরা। সঙ্গে তার তিন এতিম সন্তানের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক প্রদান করেছি।’

শোকসন্তপ্ত এই পরিবার যেন এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে পারে, সেই প্রার্থনা করেছেন শায়খ আহমাদুল্লাহ। একই সাথে তিনি মুফতি নাসরুল্লাহ বদরের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব হওয়ার দোয়া করেন।

উল্লেখ্য যে, গত শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের এক ভয়াবহ হামলায় নিহত হন মুফতি মুহাম্মাদ নাসরুল্লাহ বদর। পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের প্রবল আকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে তিনি বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছিলেন।