বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজ দলে আবারও পরিবর্তনের প্রয়োজন পড়েছে। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অলরাউন্ডার কিমো পল। তাঁর অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছেন শামার স্প্রিঙ্গার। তবে ২৮ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডারের টেস্ট ক্রিকেটে এখনো অভিষেকের সুযোগ হয়নি।

রোববার (১৮ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য, এর আগে চোটের ঝুঁকি এবং কাজের অতিরিক্ত চাপ বিবেচনা করে বাংলাদেশ সফর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তারকা পেসার আলজারি জোসেফকে। জোসেফের বদলি হিসেবেই প্রথমে দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন কিমো পল। কিন্তু এবার পলের সরে দাঁড়ানোর ফলে নতুন করে স্প্রিঙ্গারকে দলে নিতে হয়েছে ক্যারিবীয় কর্তৃপক্ষকে।

কিমো পলের বিকল্প হিসেবে আরও দুই পেসার ওজে শিল্ডস ও নিয়াল স্মিথকে বিবেচনা করেছিল ওয়েস্ট ইন্ডিজ ম্যানেজমেন্ট। তবে চোটের কারণে তাদের কাউকেই দলে নেওয়া সম্ভব হয়নি। ফলে শেষ পর্যন্ত সুযোগ পেয়েছেন শামার স্প্রিঙ্গার।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা থাকলেও টেস্ট ফরম্যাটে খেলার সুযোগ পাননি স্প্রিঙ্গার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি তিনটি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে ১ হাজার ৪৩ রান করেছেন তিনি। বল হাতে ২৭.৮৭ গড়ে নিয়েছেন ৫৮ উইকেট।

চলতি বছরের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপেও ব্যাট হাতে নজর কাড়েন স্প্রিঙ্গার। বার্বাডোজের হয়ে চার ম্যাচে ৫০.২০ গড়ে ২৫১ রান সংগ্রহ করেন তিনি। তবে বল হাতে আট ইনিংসে তাঁর শিকার ছিল সাত উইকেট।

বাংলাদেশ সফরে এমনিতেই পূর্ণ শক্তির দল পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। সাদা বলের ক্রিকেটের অধিনায়ক শাই হোপকে বিশ্রামে রাখা হয়েছে। পাশাপাশি নেই অভিজ্ঞ পেসার আলজারি জোসেফ। এবার পলের সরে দাঁড়ানোয় রস্টন চেজের নেতৃত্বাধীন দলে আরও একটি পরিবর্তন আনতে হলো।

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সাদা বলের সিরিজে কিমো পল ও শামার স্প্রিঙ্গার দুজনই ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন। শনিবার (১৭ অক্টোবর) বেঙ্গালুরুতে বৃষ্টিতে পঞ্চম টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় পাঁচ ম্যাচের সিরিজটি ২-২ সমতায় শেষ করে ক্যারিবীয়রা।

এদিকে রোববারই ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। আগামী ২২ থেকে ২৪ অক্টোবর তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৫ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহ্যাম।