রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরে (পুরোনো বাণিজ্য মেলার মাঠ) স্থানান্তর করা হবে। আজ রোববার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সাল থেকে নতুন এই জায়গায় দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। তিনি জানান, সচিবালয় স্থানান্তরের এই প্রস্তাবটি মন্ত্রিসভায় গৃহীত হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বিশেষ সভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ওই সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীতিগত সিদ্ধান্তের পর দ্রুত পদক্ষেপ হিসেবে পরদিনই গণপূর্ত মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনকে একটি চিঠি পাঠায়। চিঠিতে সচিবালয় স্থানান্তরের এই বিশাল প্রকল্পটিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়।