রাজধানীর আগারগাঁও এলাকায় অবস্থিত পুরোনো বাণিজ্য মেলার মাঠে বর্তমান সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। নতুন এই সচিবালয় কমপ্লেক্সে ২০২৯ সাল থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।
রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বিস্তারিত জানান। তিনি জানান, শেরেবাংলা নগরের ৩১ দশমিক ৫১ একর জায়গার ওপর এই বিশাল প্রকল্প বাস্তবায়িত হবে। সেখানে মোট ১৪টি ভবন নির্মাণ করা হবে, যার প্রতিটি হবে ১২ তলা বিশিষ্ট।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, “সেখানে ৩২ লাখ স্কয়ার ফুটের মতো বিল্ডিং নির্মাণ হবে। ২০২৯ সালের মধ্যে সেখানে দাপ্তরিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে।”
উল্লেখ্য যে, শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার বিষয়ে গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ইতিপূর্বে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সচিবালয় স্থানান্তর ছাড়াও মন্ত্রিসভায় আরও একটি প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।