সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস। এ ঘটনায় সরকারকে প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান দলের সভাপতি মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি ও সাধারণ সম্পাদক মাওলানা জাকির হুসাইন।
বিবৃতিতে তারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সৌদি আরবের মক্কায় কার্যকর করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে তারা এ বিষয়ে অবগত ছিল না। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করা না হয়ে থাকলে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কী উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় কী ব্যবস্থা গ্রহণ করা হবে, তা স্পষ্ট করা প্রয়োজন।
তারা বলেন, বিদেশে আইনি জটিলতায় পড়া বাংলাদেশি নাগরিকদের আইনি সহায়তা প্রদান এবং তাদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়া জরুরি। সংশ্লিষ্ট দুই বাংলাদেশি কতটুকু আইনি সহায়তা পেয়েছিলেন, সৌদি কর্তৃপক্ষ না জানালেই বাংলাদেশ মিশনের দায়মুক্তি হয়ে যায় কি না এবং পুরো প্রক্রিয়ায় বাংলাদেশি কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল, তা জানা প্রয়োজন।
তারা এ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করে সংশ্লিষ্ট দুই বাংলাদেশির আইনি প্রক্রিয়া এবং তাদের সহায়তায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানান।
একই সঙ্গে বিদেশে বাংলাদেশি মিশনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের তথ্য আদান-প্রদান জোরদার, আইনি সংকটে থাকা প্রবাসীদের জন্য কার্যকর সহায়তা নিশ্চিত এবং এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।