যশোর জেলার চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ (৪০) হামজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রয়াণ ঘটে। ইবনে সিনা হাসপাতালের কাস্টমার কেয়ার কর্মকর্তা নাজিম উদ্দীন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত অবাইদুল ইসলাম সবুজ চৌগাছা উপজেলার পাশাপোল গ্রামের প্রয়াত আব্দুস সামাদের পুত্র। মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী এবং এক কন্যাসন্তান রেখে গেছেন।

পাশাপোল ইউপি সদস্য কিতাব আলী জানান, গত ৯ অক্টোবর অবাইদুল ইসলাম সবুজ জ্বরে আক্রান্ত হন। দীর্ঘ সময় জ্বর না কমায় ১১ অক্টোবর তাকে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত করেন যে তিনি হামে আক্রান্ত হয়েছেন।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, অবাইদুল ইসলাম দীর্ঘ দিন ধরে অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন অবাইদুল ইসলাম সবুজ। একই সাথে তিনি চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

পরিবার সূত্রে জানানো হয়েছে, শনিবার আসরের নামাজের পর পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।