যশোরের চৌগাছায় আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলছাত্র সুলেমান হোসেন (১৬) নিহত হয়েছে। এ দুর্ঘটনায় তার সহপাঠী আরও দুই কিশোর আহত হয়েছেন। তাদের মধ্যে তানজিম হোসেন (১৪)-কে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বালুগর্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুলেমান হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্যামনগর গ্রামের নূর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে সুলেমানসহ কয়েকজন বন্ধু মোটরসাইকেল করে দেবীপুর এলাকার দিকে যাচ্ছিল। পথে তারা পাতিবিলা বালুগর্ত এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটিতে থাকা সুলেমান, ফরহাদ ও তানজিম আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুলেমান হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ফরহাদ হোসেন (১৭) চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে, গুরুতর আহত তানজিম হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ স্কুলছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।"