জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর পাশাপাশি তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেনকে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে গত শনিবার (১৭ অক্টোবর) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি।

সরকার কর্তৃক জারিকৃত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার নির্ধারণ করবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে আরও বলা হয়েছে, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন।