জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে, যার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার।

আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে।

বাসসের প্রকাশিত এক সংবাদে উল্লেখ করা হয় যে, নবগঠিত এই পরিচালনা পর্ষদে মোট ১২ জন পরিচালক অন্তর্ভুক্ত রয়েছেন। তাঁরা হলেন— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস); অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা; বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (পদাধিকারবলে); দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী; দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ; দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক; ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান; ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম।

তবে এই পর্ষদে নাম অন্তর্ভুক্ত হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক এবং নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি মতিউর রহমান চৌধুরী। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “বাসসের পরিচালনা পর্ষদে নাম দেখে আমি বিস্মিত হয়েছি। কেউ আমার সঙ্গে কথা না বলেই নাম দিয়েছে। বাসসের পরিচালনা পর্ষদে থাকার বিষয়ে আমার কোনো আগ্রহ নেই।”